satnewsnetwork

আবারো চালু হচ্ছে কলকাতা‌ ঢাকা আগরতলা বাস পরিষেবা

খবর

বাংলাদেশে বিএনপি সরকার গঠনের পরই ভারত-বাংলাদেশ সম্পর্কের উষ্ণতা আরও একধাপ বাড়ল। আবারো চালু হচ্ছে কলকাতা- ঢাকা-আগরতলা বাস পরিষেবা। আগামী মার্চ মাস থেকেই নিয়মিত এই আন্তর্জাতিক বাস পরিষেবা চালুর সম্ভাবনা জোরদার হয়েছে, যা দুই দেশের যোগাযোগ ও জনসংযোগে নতুন গতি আনবে।

দীর্ঘ দেড় বছরের রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে প্রধানমন্ত্রী পদে তারেক রহমান আসীন হ‌ওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ।আগরতলা-ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত আন্তর্জাতিক বাস পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই শনিবার থেকে এই বাসের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে । ভারতের সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পরই তিনি বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পরিষেবা পুনরায় চালুর কথাও উল্লেখ করেছেন। ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ম্যানেজার মনোরঞ্জন দেবনাথ জানিয়েছেন, ভিসা সংক্রান্ত জটিলতা-সহ অনিবার্য কিছু কারণে ওই বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সপ্তাহ থেকেই বাস পরিষেবা পুনরায় চালু করে দিতে চাইছেন তাঁরা। তিনি জানিয়েছেন, এই পরিষেবার জন্য নতুন করে অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ, দু’দেশের সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল তা বাতিল হয়নি। ২০০১ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতাতেই এই পরিষেবা পুনরায় চালু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। আপাতত দু-তিন দিন এই ভাবে পরীক্ষামূলক যাত্রা চলবে। তার পরে পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে সপ্তাহে তিন দিন এই বাস পরিষেবা শুরু হবে। এর আগে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা নিয়মিত চলাচল করলেও বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে তা বন্ধ হয়ে যায়। সম্প্রতি বাংলাদেশে নতুন সরকার গঠনের পর পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ইতিবাচক বার্তা দেওয়ায় ফের এই পরিষেবা চালুর পথে অগ্রগতি দেখা যাচ্ছে। সেই প্রেক্ষিতেই শনিবার থেকে ত্রিপুরা থেকে বাংলাদেশের উদ্দেশে পরীক্ষামূলক বাস যাত্রা শুরু হয়েছে। এই উদ্যোগের ফলে দুই দেশই উপকৃত হবে বলে মত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। তাঁর কথায়, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর অনিশ্চয়তা অনেকটাই কাটিয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অন্যান্য সমস্যারও সমাধান হবে।

Posted On: Sunday, February 22, 2026 6:42 PM
blog comments powered by Disqus