satnewsnetwork

করিমগঞ্জ কলেজ-এ কড়া নিরাপত্তায় শ্রীভূমির চার কেন্দ্রের ভোটগণনা সোমবার

খবর

নিউজ ডেস্ক, স্যাট নিউজ মে ২০২৬: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী সোমবার অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ অসম বিধানসভা নির্বাচন-এর ভোটগণনা। শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হবে করিমগঞ্জ কলেজ-এর নির্ধারিত গণনাকেন্দ্রে। ইভিএমে বন্দি ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের পাশাপাশি সেদিনই ঘোষণা করা হবে ফলাফল।

ভোটগণনাকে সামনে রেখে শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা রিটার্নিং অফিসার প্রদীপ কুমার দ্বিবেদী জানান, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ এবং রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের ভোটগণনা ১৪টি টেবিলে সম্পন্ন হবে। অন্যদিকে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য রাখা হয়েছে ১২টি টেবিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ মে সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হবে। দেশের পাঁচটি রাজ্যে একই সময়ে গণনা শুরু হওয়ায় এখানেও সেই নির্ধারিত সময়সূচি অনুসরণ করা হবে।

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, গণনাকক্ষে প্রবেশের জন্য কিউআর-কোডযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। শুধুমাত্র প্রার্থী, তাঁদের অনুমোদিত প্রতিনিধি, নির্ধারিত সরকারি আধিকারিক এবং কাউন্টিং এজেন্টদেরই প্রবেশের অনুমতি দেওয়া হবে। কাউন্টিং এজেন্টদের সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। একবার বাইরে বেরিয়ে গেলে পুনরায় প্রবেশেরও অনুমতি মিলবে না।

গণনাকেন্দ্র ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং প্রার্থীরাই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। কাউন্টিং এজেন্টসহ অন্য কারও জন্য ওই এলাকায় মোবাইল বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

জেলার পুলিশ সুপার লীনা দোলে জানান, স্ট্রং রুম ও গণনাকেন্দ্রের নিরাপত্তায় জেলা পুলিশের পাশাপাশি সিআরপিএফ মোতায়েন থাকবে। পাশাপাশি যানজট এড়াতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়কে ওয়ান-ওয়ে ব্যবস্থা চালু করা হবে এবং কিছু এলাকায় নো-এন্ট্রি বলবৎ থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলির নেতা-কর্মীদের গণনাকেন্দ্রের আশপাশে অযথা ভিড় না করার আবেদন জানানো হয়েছে। ফলাফল ঘোষণার পর যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানানো হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের আশা, সকলের সহযোগিতায় ২০২৬ অসম বিধানসভা নির্বাচন-এর ভোটগণনা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

Posted On: Saturday, May 2, 2026 9:10 PM
blog comments powered by Disqus